আন্তর্জাতিক
চিলিতে ভয়াবহ দাবানল: প্রাণ গেল অন্তত ১৯ জনের, জরুরি অবস্থা জারি

ছবি: সংগৃহীত
চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। লাগামহীন আগুনে ধ্বংস হয়ে গেছে বহু বসতবাড়ি ও যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকার উপদ্রুত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে।
গত দুই দিন ধরে চলমান এই দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউবল ও বায়োবায়ো অঞ্চল। রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরের এসব এলাকায় তীব্র বাতাস ও অতিরিক্ত তাপমাত্রার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সরকারি সূত্রে জানা গেছে, দাবানলের ফলে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। পেনকো শহরে প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি। শহরটির মেয়র রদ্রিগো ভেরা জানিয়েছেন, আগুনের তীব্রতায় অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেক মানুষ কেবল পরনের কাপড় নিয়েই প্রাণ বাঁচাতে সমুদ্র উপকূলের দিকে ছুটে যান। বর্তমানে পেনকো ও পার্শ্ববর্তী লিরকুয়েন শহরে সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম চলছে।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ক্ষতিগ্রস্ত কনসেপসিয়ন অঞ্চল পরিদর্শন করেছেন। তিনি দুর্গতদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি এলাকায় রাতের কারফিউ জারি করেন।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান আলিসিয়া সেব্রিয়ান জানান, উপকূলীয় অঞ্চলগুলো থেকেই সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও উচ্চ তাপমাত্রা ও ঝোড়ো বাতাসের পূর্বাভাস দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন অগ্নিনির্বাপক কর্মীরা।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে চিলিতে সাম্প্রতিক বছরগুলোতে দাবানলের মাত্রা ও তীব্রতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর আগেও দেশটিতে ভয়াবহ দাবানলে শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।







