জাতীয়

শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু

দ্য ক্যাম্পাস টুডে নিউজ ডেস্ক

শেয়ারঃ

main

মাওলানা রেজাউল করিম। ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের কর্মীদের সংঘর্ষে আহত জামায়াতে ইসলামীর এক নেতা মারা গেছেন। নিহত ব্যক্তি শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।

বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে সামনের সারিতে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় দলের অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

গুরুতর আহত অবস্থায় মাওলানা রেজাউল করিমকে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প সূত্র জানায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জামায়াত নেতারা ঘটনাটিকে পরিকল্পিত হামলা দাবি করলেও প্রশাসন বলছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ করেছে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর