ছাত্র আন্দোলন
জবি ছাত্রদলের দুই দফা দাবি

সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার পদ্ধতি নিয়ে দুই দফা দাবি উত্থাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
এর আগে গত ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, আসন্ন জকসু নির্বাচনে ওএমআর পদ্ধতির মাধ্যমে ভোট গণনা করা হবে। তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে রোববার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল তাদের দাবিগুলো আনুষ্ঠানিকভাবে তুলে ধরে।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ম্যানুয়ালি ভোট গণনা এবং কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ অত্যন্ত জরুরি। তারা দাবি করেন, প্রযুক্তিগত ত্রুটি বা ডিজিটাল কারচুপির সম্ভাবনা এড়াতে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ব্যালট পেপারে প্রদত্ত ভোটগুলো স্বচ্ছভাবে হাতে গণনা করতে হবে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের ফলাফল ওই কেন্দ্রেই তাৎক্ষণিকভাবে ঘোষণা করতে হবে। পাশাপাশি ফলাফলের কপি সংশ্লিষ্ট প্রার্থীদের এজেন্টদের সরবরাহ করতে হবে, যাতে কোনো ধরনের লুকোচুরি বা ফল পরিবর্তনের সুযোগ না থাকে।
এ সময় নেতারা আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে জবি ছাত্রদলের দুই দফা দাবি ব্যালট ব্যবহার হয়েছে, কতটি বাতিল হয়েছে এবং কতটি অব্যবহৃত রয়ে গেছে—সে বিষয়ে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব নির্বাচন সংশ্লিষ্ট সবার সামনে উপস্থাপন করতে হবে। অতীতে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে ব্যালট সংক্রান্ত অনিয়ম ও কারচুপির নজির থাকার কথাও উল্লেখ করেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অনেক সময় ভোটগ্রহণ শেষে ব্যালট পেপার যত্রতত্র পড়ে থাকতে দেখা গেছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। আসন্ন জকসু নির্বাচনে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য নির্বাচন কমিশনের কঠোর নজরদারি ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তারা।







